ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসায় সরকারের সহযোগিতা অব্যাহত : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
ছবিঃ সংগৃহীত
ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুরা যাতে সঠিক চিকিৎসা ও পুনর্বাসন পেয়ে সমাজে স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে, তা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে সরকার।
তিনি বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত উপযুক্ত চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই শিশুদের মুখে হাসি ফোটানোর কাজটি আমাদের জাতীয় ও সামাজিক দায়িত্ব।
‘বিশ্ব হাসি দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানটির আয়োজন করে ‘নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট’ ও ‘চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন’; এতে সহযোগিতা করে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন আমেরিকা’। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এসব কথা বলেন। সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠা শিশুদের নিয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও একটি মিলনমেলারও আয়োজন ছিল।
তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ভাষায়, ‘হাসি একটি সার্বজনীন ভাষা। বিশেষ করে একটি শিশুর মুখের হাসি তার পরিবার ও পুরো সমাজকে আনন্দিত করে। একটি সুস্থ ও হাসিখুশি শিশুই আগামী দিনের সমৃদ্ধ জাতি গড়ে তুলবে। তাই শিশুদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’
তিনি আরও বলেন, প্রযুক্তি ও উদ্ভাবন শিশুদের স্বাস্থ্যসেবাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও সহজ করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছে। প্রযুক্তির এ সুফল যাতে প্রতিটি শিশুর কাছে পৌঁছায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
মন্ত্রী চিকিৎসকদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসা দিয়ে তাদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ মানবিক এবং অত্যন্ত প্রশংসনীয়। ড. বিজয় দাস এবং সংশ্লিষ্ট অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে সেবা দিয়ে যাচ্ছেন, তা কেবল চিকিৎসাসেবা নয়—এটি শিশুদের ও তাদের পরিবারে আনন্দ নতুন করে ফিরিয়ে দেওয়ার মহৎ একটি উদ্যোগ।
দেশের বিত্তবান ব্যক্তি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি এ ধরনের মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ‘শিশুদের জন্য আমরা যে সময়, শ্রম, মেধা ও অর্থ বিনিয়োগ করব, সেটিই হবে দেশের ভবিষ্যতের প্রকৃত বিনিয়োগ। আসুন, সবাই মিলে প্রতিটি শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও স্মাইল ট্রেন (বাংলাদেশ ও নেপাল)-এর প্রোগ্রাম ডিরেক্টর এ বি এম মোবাশ্বের হোসেন। জন্মগত ত্রুটিমুক্ত সমাজ গড়তে সচেতনতা তৈরি এবং বিনামূল্যে অস্ত্রোপচারের কার্যক্রম আরও বাড়ানোর ওপর জোর দেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. শামীম আরা খান চৌধুরী, বিশ্ব হাসি দিবস-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডা. আসলামুল ইসলাম রুদ্র এবং নিউ লাইফ হাসপাতাল (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আসাদুজ্জামান।
সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা শিশুদের এবং তাদের অভিভাবকদের অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।