ডিএসইএক্স কমল ৪৬ পয়েন্ট, লেনদেনেও ভাটা
ছবিঃ সংগৃহীত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচক নামার পাশাপাশি লেনদেনও কমেছে, যদিও অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে দিন শেষ হয় সূচকের পতন দিয়ে।
দুই স্টক এক্সচেঞ্জের সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বাজারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসইএক্স, অর্থাৎ ডিএসইর প্রধান মূল্যসূচক, ৪৬ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৪০৪ পয়েন্টে নেমেছে। বাকি দুটির একটি শরিয়াহ সূচক, যা ৯ পয়েন্ট কমে ১০৭০ পয়েন্টে নেমেছে; অন্যটি ডিএসই-৩০ সূচক, যা ৮ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ২০৯৪ পয়েন্টে।
দিনভর ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে লেনদেনের অঙ্ক ছিল ৪৫২ কোটি ৮১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ১১৬ কোটি টাকা কম।
এর আগের কার্যদিবসে এই বাজারে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকা। সোমবার ডিএসইতে কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট মিলিয়ে ৩৮৫টির হাতবদল হয়।
সেগুলোর মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩০৩টির কমেছে, আর ৩৫টির শেয়ার ও ইউনিটের দর আগের অবস্থানেই স্থির ছিল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৮৪ পয়েন্ট হারিয়ে সার্বিক সূচক সিএএসপিআই নেমেছে ১৪ হাজার ৫৫১ পয়েন্টে। সোমবার সেখানে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির শেয়ারের দাম বেড়েছে, ১২০টির কমেছে এবং ২২টি কোম্পানির দর ছিল অপরিবর্তিত।
সিএসইতে এদিন শেয়ার ও ইউনিট মিলিয়ে লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৪ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ২০ কোটি টাকা কম। তার আগের দিন সেখানে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে লেনদেন হয়েছিল ৯ কোটি টাকা।