ছবিঃ সংগৃহীত
দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বলিউড অভিনেত্রী তথা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো অশালীন ও আপত্তিজনক কনটেন্ট ইন্টারনেট থেকে সরিয়ে নিতে হবে। আইনি এই পদক্ষেপ নিতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, তার ছবি ও কণ্ঠস্বর কাজে লাগিয়ে অনলাইন প্ল্যাটফর্মে যেসব বিকৃত তথ্য, ভুয়া খবর ও অশালীন উপাদান তৈরি করা হয়েছে, সেগুলো তার ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ণ করছে, ঘটাচ্ছে মানহানিও।
হিমাচল প্রদেশের মান্ডি আসনের এই আইনপ্রণেতার আবেদনের ওপর শুনানি শেষ করে আদালত অভিযুক্ত পক্ষগুলোর বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলাটির শুনানি হয় বৃহস্পতিবার, বিচারপতি বিকাশ মহাজনের একক বেঞ্চে। আদালতে কঙ্গনা রানাওয়াতের আইনজীবীরা জানান, অভিনেত্রীকে নিয়ে অনলাইনে অসংখ্য যৌন উসকানিমূলক উপাদান, পর্নোগ্রাফিক কনটেন্ট এবং এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া মন্তব্য ছড়ানো হচ্ছে, যাতে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে তার আইনি দল আদালতকে স্পষ্ট জানিয়েছে, তারা কেবল অশালীন, ভুয়া ও ক্ষতিকারক উপকরণের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ চান; তাকে নিয়ে ইন্টারনেটে তৈরি সাধারণ ট্রোল বা মিমের বিরুদ্ধে এ মুহূর্তে কোনো নিষেধাজ্ঞা দাবি করছেন না।
মামলার বিস্তারিত শুনানির পর বিবাদী পক্ষগুলোকে সমন পাঠান দিল্লি হাইকোর্ট; এ বিষয়ে দ্রুতই একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করার ইঙ্গিতও দেন। একই দিনে তেলেগু জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার দায়ের করা ব্যক্তিত্বের অধিকার রক্ষার অনুরূপ একটি মামলারও শুনানি হয়। বিজয়ের আইনজীবীদের অভিযোগ, তার নাম, ছবি ও গুণাবলি অনুমতি ছাড়াই অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করে মার্চেন্ডাইজ বিক্রি করা হচ্ছে এবং এআই দিয়ে ভুয়া পোস্ট বানিয়ে বাণিজ্যিক ফায়দা লোটা হচ্ছে। তার মামলাতেও আদালত সমন জারি করেছেন, সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এআই-জনিত বিকৃতি ও ব্যক্তিস্বার্থ সুরক্ষায় সাম্প্রতিক সময়ে আদালতে যাওয়া তারকাদের মধ্যে কঙ্গনা রানাওয়াতই প্রথম নন। এর আগেও বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যক্তি নিজেদের ব্যক্তিত্ব ও প্রচার অধিকার সুরক্ষায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণ। আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর, জনপ্রিয় পডকাস্টার রাজ শমানি ও ক্রিকেটার অভিষেক শর্মাও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় আদালতের আশ্রয় নিয়েছিলেন; হাইকোর্ট তাদের প্রত্যেককে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস