রিতু মনির ৪৫ রানে ১৬৬-তে থামল বাংলাদেশের মেয়েরা
ছবিঃ সংগৃহীত
ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৯ দশমিক ৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৭ রান। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ, যেখানে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে কিছুটা লড়াই করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক অস্ট্রেলিয়া। রিতু মনির দায়িত্বশীল ব্যাটিংয়েই শেষ পর্যন্ত ওই সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা।
শুরুটা অবশ্য ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ফারজানা হক। আরেক ওপেনার শারমিন সুলতানাকে বাংলাদেশ হারায় দলীয় ১১ রানে। এরপর ২৪ রান করে শারমিন আক্তার ফিরলে চাপে পড়ে দল। সোবহানা মোস্তারির ব্যাট থেকেও আসে মাত্র ২ রান।
তাতে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কিন্তু ইনিংস বড় করতে পারেননি; ৮৬ বল খেলে ২৯ রান করে ফেরেন তিনি। তার আগে স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক। ৮৭ বলে ৩৫ রানের সেই জুটির পর আউট হন তিনি।
এরপর রিতু মনি ও স্বর্ণার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ। ৫০ বলে ২১ রান করে স্বর্ণা ফিরে গেলেও লড়াই চালিয়ে যান রিতু।
শেষ দিকে রাবেয়া খানের ১৩ বলে ১১ এবং নাহিদা আক্তারের ২৬ বলে অপরাজিত ১৪ রানে দেড়শ পার হয় বাংলাদেশের সংগ্রহ। রিতু মনি রানআউট হন ৬৩ বল মোকাবিলায় ৫ চারসহ ৪৫ রান করে; বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান তারই। দলের স্কোর এগিয়ে নিতে নাহিদার সঙ্গে গুরুত্বপূর্ণ ৩৭ রানের একটি জুটিও গড়েন রিতু।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৪টি এবং মেগান শাট ২টি উইকেট নেন।