দেশজুড়ে বাড়তে পারে দিনের তাপমাত্রা
ছবিঃ সংগৃহীত
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের বেলায় সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায়।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে সিনপটিক অবস্থার বর্ণনায় বলা হয়, উত্তর আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় যে লঘুচাপটি ছিল, সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এর অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায়। লঘুচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে ঘনীভূত হতে পারে।
উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়, আর উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় আছে।
চট্টগ্রামে গতকাল রোববার দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে, ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ বাতাস বইছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ভোর ৬টায় ছিল ৯০ শতাংশ।
ঈশ্বরদীতে ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত।
আজ সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে ঢাকায় সূর্য অস্ত যাবে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।