‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ স্লোগানে নিরাপদ দুর্গোৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে: বরকত উল্লাহ বুলু
ছবিঃ সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু জানিয়েছেন, এবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই স্লোগান সামনে রেখেই সে প্রস্তুতি বলে তিনি জানান।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে শ্রী রাম ঠাকুর আশ্রমে শনিবার (১০ অক্টোবর) পার্থ সারথি গীতা ফাউন্ডেশনের উদ্যোগে দেবীর আগমনী ও শুভ মহালয়া অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি। তাঁর ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় এই বিশ্বাস ধারণ করতেন এবং তাঁরাও সেই আদর্শে বিশ্বাসী। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতির কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি। তাই দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন বুলু।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সবাই যেন আনন্দের সঙ্গে ও নিরাপদে এ উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, পার্থ সারথি গীতা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি শ্রী পলাশ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।