নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
ছবিঃ সংগৃহীত
প্রতিপক্ষের লোকজনের হাতে খুন হয়েছেন আরাফাত মোল্যা (৩৯) নামের এক ব্যক্তি; তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামে তাঁর নিজ বাড়ির পাশে সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
আরাফাত মোল্যার বাবা দেবদুন গ্রামের মকিদুল মোল্যা। স্থানীয়রা জানিয়েছেন, রাতে তাঁকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যান প্রতিপক্ষের কয়েকজন। এরপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় তাঁকে।
হামলার কথা জানতে পেরে আরাফাতকে বাঁচাতে এগিয়ে যান পরিবারের সদস্যরা; তখন তাঁদের ওপরও হামলা করেন হামলাকারীরা। গুরুতর আহত আরাফাতকে পরে স্থানীয়রা উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
নিহতের স্বজন ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে চলা জমিজমার বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, থানায় আরাফাতের বিরুদ্ধে ১০টি মামলা আছে; অভিযোগ মাদক, চুরি ও ডাকাতির। দীর্ঘদিন ধরেই প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধ এবং মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আরাফাত।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকাটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।