নারীর প্রতি সহিংসতা রুখতে রংপুরে তরুণদের বিভাগীয় সমাবেশ
ছবিঃ সংগৃহীত
রংপুরে বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও যুব-নেতৃত্বাধীন অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এ সমাবেশের স্লোগান ছিল ‘নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প্রাপ্য সম্মান’।
সমাবেশটি হয় বুধবার সকালে, রংপুর নগরীর দর্শনা এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে। সোচ্চার প্রকল্পের আওতায় এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এটি আয়োজন করে পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা)। এতে আলোচনার বিষয় ছিল নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, লিঙ্গসমতা, সাইবার বুলিং মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা।
প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সরকার, রংপুর বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. আবু জাফর। আর বিশেষ আলোচক হিসেবে ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. শরীফুল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. ছেলোয়ারা বেগম, রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরিফুল আলম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান কুন্তলা চৌধুরী।
পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক জেড এফ এম ফিরোজ পাশা স্বাগত বক্তব্য দেন। সংস্থাটির নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুদা ফেরদৌস নিশাত ও সাজিদ আরমান।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে। এরপর প্রদর্শিত হয় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সচেতনতাবিষয়ক একটি প্রামাণ্যচিত্র।
বক্তারা আলোচনায় বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে কেবল আইনের প্রয়োগ যথেষ্ট নয়; সচেতনতা বাড়াতে হবে সামাজিক ও পারিবারিক পর্যায়েও। বিশেষত নারীর প্রতি সম্মানজনক আচরণ, সমঅধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তরুণ প্রজন্মকে।