ছবিঃ সংগৃহীত
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায় নতুন একক অ্যালবাম নিয়ে এসেছেন, নাম ‘ব্যথা নেই’; দুর্গাপূজার আমেজ ছড়িয়ে দিতেই তাঁর এ আয়োজন। আটটি গান নিয়ে সাজানো অ্যালবামটি সম্প্রতি শ্রোতাদের সামনে আনা হয়। এর আগে চলতি বছরের শুরু থেকে ‘অবাস্তব প্রেম’ ও ‘শান্তিনিকেতন’-এর মতো গান একটি একটি করে প্রকাশ পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার শিরোনাম গানটি প্রকাশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল পুরো অ্যালবাম।
গানটি অনুপমের নিজেরই লেখা; এর অনুপ্রেরণা কবি ভাস্কর চক্রবর্তীর বিখ্যাত পঙ্ক্তি ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে’। মেলোডি আর পাশ্চাত্য লোকসংগীতের আবহে গড়া এ গানকে তিনি বলেছেন নিজের নিরাময় বা হিলিংয়ের গান। নতুন জীবন ও পারিবারিক আনন্দের প্রেক্ষাপটে তাঁর কাছে অ্যালবামটির অর্থও বিশেষ—গত ১৭ আগস্ট পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন প্রস্মিতা পাল ও অনুপম রায় দম্পতি। গায়ক জানান, অ্যালবামের ‘ব্যথা নেই’ নামটি তিনি রেখেছেন জীবনের পুরোনো কষ্ট মুছে স্বস্তির জায়গায় পৌঁছানোর অনুভূতি থেকে।
অলরাউন্ডার এই শিল্পী সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন ষোলো বছর আগে, ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রের বিখ্যাত গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’ দিয়ে।