সাইবার অপরাধ দমনে আগামী সপ্তাহেই পুলিশের নতুন ইউনিট
ছবিঃ সংগৃহীত
আগামী সপ্তাহেই আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে—এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাইবার অপরাধ মোকাবিলার ক্ষেত্রে পুলিশের সক্ষমতা বৃদ্ধিই এর উদ্দেশ্য।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে শনিবার অনুষ্ঠিত ‘পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি ঘোষণাটি দেন।
নতুন এ ইউনিটের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তা—এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পুলিশ সদর দপ্তরে এ ধরনের পদ না থাকলে নতুন করে তা তৈরি করা হবে।
তিনি বলেন, মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা রাখা হবে। আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা থাকবে থানা ও জেলা পর্যায়ে। সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে থাকবে বড় পরিসরের ফরেনসিক ল্যাবসহ দরকারি অন্যান্য সহায়তা।
মন্ত্রী আরও বলেন, প্রকল্প প্রণয়নের নির্দেশ কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছে। যেসব মামলার বিশ্লেষণ থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে করা সম্ভব, সেগুলোর কাজ সেখানেই শেষ হবে; আর জটিল মামলাগুলো আসবে কেন্দ্রে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আধুনিক অপরাধপ্রবণতার একটি বৈশিষ্ট্য হলো সাইবার জগৎকে ঘিরে সংঘটিত অপরাধ। তিনি এ তথ্য তুলে ধরেন যে কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা প্রতারণাভিত্তিক। তিনি বলেন, সে কারণেই বিষয়টিতে গুরুত্ব দিতে হচ্ছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন ৯৮ জন পুলিশ সদস্যকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে হাজির ছিলেন।