প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত: সড়ক অবরোধ করে মহাপরিচালকের পদত্যাগ চাইলেন চাকরিপ্রার্থীরা
ছবিঃ সংগৃহীত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার খবরে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। প্রস্তুতি নিয়ে দেশের নানা প্রান্ত থেকে তাঁরা রাজধানীতে এসেছিলেন, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। সড়ক অবরোধ করে চাকরিপ্রার্থীরা তিনটি দাবি তোলেন—প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শাস্তি এবং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ।
শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর মতিঝিলের বালিকা উচ্চবিদ্যালয়, ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও বাঙলা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীরা বিক্ষোভ করছেন। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ মিছিলও করেন।
বিক্ষোভরত পরীক্ষার্থীদের বক্তব্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা স্থগিত হওয়ায় হয়রানির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন তাঁরা। দূর-দূরান্ত থেকে ঢাকায় এসেও অনেকে পরীক্ষায় বসতে পারেননি। এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
তাঁরা আরও বলেন, নিয়োগ পরীক্ষা আয়োজনে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠেছে। প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের।
বিক্ষোভকারীদের দাবি, প্রশ্নফাঁসের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, মতিঝিলের ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে বর্তমানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল বলেন, পরীক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্রে জড়ো হন। পরীক্ষা সকাল ১১টায় হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষা না হওয়ার বিষয়টি পরে কর্তৃপক্ষ জানালে পরীক্ষার্থীরা কিছুক্ষণ সেখানে অবস্থান করেন, তারপর অন্যদের সঙ্গে নিয়ে চলে যান শাপলা চত্বর এলাকায়।
তিনি জানান, ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের সামনে এখন কোনো সমস্যা নেই; পরীক্ষার্থীরা অবস্থান করছেন শাপলা চত্বর এলাকায়। এ ঘটনায় কোনো গাড়ি ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরিস্থিতি শান্ত রয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষাটি সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থীর এতে অংশ নেওয়ার কথা ছিল ২৪২টি পদের বিপরীতে। সে জন্য রাজধানীর প্রায় ১শ’টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে অভিযোগ ওঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়েছে। তার পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করে যুব উন্নয়ন অধিদপ্তর।