বঙ্গোপসাগরে বিনিয়োগের সুযোগ খুঁজতে আসছে ১৪ ডাচ কম্পানি
ছবিঃ সংগৃহীত
১৪টি ডাচ কম্পানির একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে; তাদের লক্ষ্য দেশের সামুদ্রিক খাতে বিনিয়োগের সুযোগ খোঁজা। দলটি বিশেষভাবে যাচাই করবে বঙ্গোপসাগরকেন্দ্রিক সামুদ্রিক অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, মৎস্য ও জ্বালানি খাতের সম্ভাবনা। বাংলাদেশের সামুদ্রিক খাতে বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে সফরটিকে একটি সম্ভাবনাময় উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
তথ্যটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ঢাকার সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর তৃতীয় দিনে গতকাল সোমবার একটি অধিবেশনে বক্তব্য দেন তিনি।
রাষ্ট্রদূতের ভাষায়, ‘আগামী সপ্তাহে ১৪টি ডাচ কম্পানির একটি বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা বিশেষ করে সামুদ্রিক খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।’
জোরিস ভ্যান বোমেল বঙ্গোপসাগরকে আঞ্চলিক বাণিজ্য, সামুদ্রিক যোগাযোগ, মৎস্য, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দরকার টেকসই পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা। পানি ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন ও সামুদ্রিক উন্নয়ন পরস্পর সম্পর্কিত বিষয়—এ কথা উল্লেখ করে তিনি বলেন, পানি ব্যবস্থাপনাকে কার্যকর করতে হলে সমন্বিত পরিকল্পনা, কারিগরি দক্ষতা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং সরকার ও জনগণের মধ্যে সহযোগিতা জরুরি।