বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক
ছবিঃ সংগৃহীত
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোর জন্য প্রণোদনা সুবিধার ঘোষণা এসেছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে এ ধরনের লেনদেনকে আরও জনপ্রিয় করে তোলাই এর লক্ষ্য।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্পন্ন অনূর্ধ্ব ২ হাজার টাকার প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে প্রণোদনার হার হবে একোয়্যারিং প্রতিষ্ঠানের জন্য ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠানের জন্য ০.২০ শতাংশ।
প্রণোদনাটি দেওয়া হবে মাসিক ভিত্তিতে। ব্যক্তিগত খুচরা হিসাবের (পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট) মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা ও সেবাদাতা এবং বৈধ ট্রেড লাইসেন্স থাকা অন্যান্য মার্চেন্টের মাধ্যমে সম্পন্ন লেনদেন এর আওতায় আসবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়াতে চলতি বছরের ১০ আগস্ট জারি হওয়া পূর্ববর্তী একটি বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট বিধান বদলে তার জায়গায় নতুন এ নিয়ম প্রবর্তন করা হয়েছে।
পূর্ববর্তী বিজ্ঞপ্তির অন্য সব শর্ত আগের মতোই বহাল থাকবে, এ কথাও জানানো হয়েছে।