বাজুসের নতুন দরে আজ ভরিপ্রতি স্বর্ণ কত টাকা
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে; এ দফায় ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা। তাতে ভালো মানের স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। নতুন এ দাম কার্যকর হয় সেদিন সকাল ১০টা থেকে। আজ মঙ্গলবারও স্বর্ণ বিক্রি হবে একই দামে।
তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ দর ঠিক করা হয়েছে বলে বাজুস জানিয়েছে।
নতুন দরে ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারিত হয়েছে।
এর আগে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল গত ১২ সেপ্টেম্বর। ওই দিন ভালো মানের স্বর্ণে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়, তাতে দাম ঠিক হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। সে সময় প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকারের নকশার ভিন্নতা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যেই ভ্যাট যুক্ত আছে বলে ক্রেতার কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না।