বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১৬৬ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে ঢাকা
ছবিঃ সংগৃহীত
বায়ুদূষণের মাত্রা বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা, আর এই তালিকায় রাজধানী ঢাকা রয়েছে ষষ্ঠ অবস্থানে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার রবিবার সকাল ৮টা ৩৮ মিনিটে যে বায়ুগুণমান সূচক প্রকাশ করেছে, সে অনুযায়ী শীর্ষে থাকা কলকাতার বায়ুর মান ১৮৭; এটি ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর, স্কোর ১৮৪; এ শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’। ১৭৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর।
আজ ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের বাতাসের মান ১৭৩, অর্থাৎ সেখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’। দূষিত শহরের এ তালিকায় পঞ্চম অবস্থানে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৬৭; আর ১৬৬ স্কোরে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে ঢাকা।
আইকিউএয়ারের মানদণ্ডে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, আর ৫১ থেকে ১০০ হলে তা ধরা হয় মাঝারি বা সহনীয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর, আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।