ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন। ইন্ডাস্ট্রি সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
সূত্র জানায়, কাজের প্রয়োজনে নুসরাত বেশ কয়েক দিন ধরেই বালিতে ছিলেন; সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবিও দিচ্ছিলেন তিনি। দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল, তার বিস্তারিত অবশ্য এখনো জানা যায়নি।
এই অভিনেত্রী শুটিংয়ের মধ্যেই আহত হয়ে থাকতে পারেন বলে দাবি ইন্ডাস্ট্রি সূত্রের। জানা গেছে, অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে নতুন একটি সিনেমায় তাঁর জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে, আর দুর্ঘটনাটি সেই সিনেমার শুটিংয়ের সময়ই ঘটে থাকতে পারে। বিষয়টি অবশ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আরও জানা গেছে, শুরু থেকেই নুসরাতকে পছন্দ করে রেখেছিলেন ওই সিনেমার পরিচালক।
শুটিং করতে গিয়ে নুসরাতের দুর্ঘটনায় পড়া এবারই প্রথম নয়। ২০২৩ সালে ‘আকেলি’ সিনেমার শুটিংয়ের সময় তিনি গুরুতর আহত হন। তখন মুখ ও ভ্রুর কাছাকাছি অংশে সেলাই লেগেছিল তাঁর, বিশ্রামে থাকার পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকেরা।
এর বাইরে একটি প্রকল্পে একটানা কাজের জেরেও তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় দীর্ঘ সময় ব্যথায় ভোগায় ঠিকভাবে দাঁড়াতে, এমনকি কথা বলতেও তাঁর অসুবিধা হয়েছিল।
নুসরাত ভারুচা এখন বালির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা কেমন, সে ব্যাপারে বিস্তারিত কিছু এখনো জনসমক্ষে আসেনি।