ভবিষ্যৎ ক্রিকেটার খোঁজার মঞ্চ: যাত্রা শুরু এবিজি ইউনিভার্সিটি কাপের
ছবিঃ সংগৃহীত
বেলুন আর পায়রা উড়িয়ে রোববার (২৫ অক্টোবর) বিকেলে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের ভেতর দিয়ে পর্দা ওঠে প্রতিযোগিতাটির।
উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি নজর কাড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া, মাহবুবুর রহমান এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। আরও অনেকের সঙ্গে সেখানে ছিলেন এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.)। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে হাজির ছিলেন।
প্রথম ম্যাচটিতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, আর তাতেই কার্যত শুরু হয়ে গেল শিরোপা জেতার আসল লড়াই। পুরো টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দর্শকদের বাড়তি রোমাঞ্চ ও আকর্ষণ জোগাবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
টুর্নামেন্টটি আয়োজন করেছে এবিজি স্পোর্টস সিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নিজেদের ক্রিকেট প্রতিভা মেলে ধরার সুযোগ পান, প্রতিযোগিতামূলক খেলাধুলায় উৎসাহী হয়ে ওঠেন এবং ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও মজবুত হয়—এসবই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ জাগানো এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ প্রতিভা খুঁজে বের করার কাজেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া এবং এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরেক বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতি বাড়ানোর ক্ষেত্রে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর এবারের আসর এক অনন্য মাত্রা যোগ করেছে।