ভরিতে ১,৬৯১ টাকা বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট এখন ২,৩৪,৬২১ টাকা
ছবিঃ সংগৃহীত
ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ৬৯১ টাকা বাড়ানোয় দাম এ পর্যায়ে উঠেছে। এর মধ্য দিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল।
নতুন এ দাম শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে বাজুস জানিয়েছে।
দাম বাড়ানোর এ সিদ্ধান্ত আসে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠক থেকে। এরপর বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, যাতে সই করেন কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
নতুন নির্ধারিত দামে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বিক্রি হবে।
অলংকারের মজুরি নকশা অনুযায়ী আলাদাভাবে প্রযোজ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে গ্রাহকের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না, কেননা স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত রয়েছে।