ছবিঃ সংগৃহীত
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে দলকে শিরোপা এনে দেওয়ার পরপরই নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হারমানপ্রীত কৌর। ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার ঘোষণা দিয়েছেন, ভারত নারী ক্রিকেট দলের তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি।
ভারতের নেতৃত্বে হারমানপ্রীত আছেন ২০১২ সাল থেকে, যদিও তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ অধিনায়ক হন ২০২২ সালে। তিনি জানিয়েছেন, অধিনায়কত্ব ছেড়ে দিলেও ভারতের হয়ে খেলে যাবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার গোয়াহাটিতে ভারত নারী দলকে নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসে। হারমানপ্রীত ছাড়াও তাতে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও কোচ অমল মজুমদার। হারমানপ্রীতকে নেতৃত্ব থেকে সরানোর দাবি উঠছিল বেশ কিছুদিন ধরে। ওই বৈঠক শেষ হওয়ার পরই তিনি জানিয়ে দেন, অধিনায়কত্ব ছাড়ছেন।
সিদ্ধান্তটি যে কঠিন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তা উল্লেখ করেছেন হারমানপ্রীত। তিনি জানান, অধিনায়কের দায়িত্বে থাকাকালে নিজের পারফরম্যান্স, ব্যক্তিগত উন্নতি ও নানা আকাঙ্ক্ষার চেয়ে দলের স্বার্থকেই তিনি ওপরে রেখেছেন।
হারমানপ্রীত বলেন, অধিনায়কের ভূমিকায় বহু কঠিন সিদ্ধান্ত তাঁকে নিতে হয়েছে এবং সেগুলোর সব কটি সবার কাছে বোধগম্য হয়নি। তবে দলের উন্নতি ছাড়া আর কোনো উদ্দেশ্য তাঁর কোনো সিদ্ধান্তের পেছনেই ছিল না। সাফল্যের মুহূর্ত যেমন দেখেছেন, তেমনি দলের কঠিন সময়, হতাশা, সমালোচনা ও সংশয়েরও সাক্ষী তিনি।
নেতৃত্ব ছাড়ার মুহূর্তে নিজের দায়িত্ব পালন নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন হারমানপ্রীত। তিনি বিশ্বাস করেন, ভারতীয় নারী দল এখন ভালো অবস্থানে রয়েছে আর নিজের ওপর থাকা দায়িত্বটুকু তিনি ঠিকঠাক পালন করতে পেরেছেন।
অধিনায়কত্বের পালা চুকলেও ভারতের হয়ে তাঁর পথচলা থেমে যাচ্ছে না। হারমানপ্রীতের কথায়, ‘অধিনায়কত্বের অধ্যায় শেষ হতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। অধিনায়কত্বের অধ্যায় শেষ। তবে যাত্রা চলবে।’