মধ্যবর্তী নির্বাচনে ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক অস্ত্র বানাচ্ছে রিপাবলিকানরা
ছবিঃ সংগৃহীত
ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে বিতর্ক—নির্বাচনী প্রচারে এই ইস্যুটিই খুঁজে পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঘুরে দাঁড়াতে সহায়ক হতে পারে। এমন এক সময়ে তিনি এটি পেলেন, যখন রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি অনুকূলে নেই, চাপের মুখে আছে মার্কিন অর্থনীতিও। খবর বার্তা সংস্থা এএফপির।
ট্রান্সজেন্ডাররা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার খুবই ক্ষুদ্র একটি অংশ। তবু তাঁদের অধিকার নিয়ে বিতর্ক আগেও ট্রাম্পের হাতে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল; বিশেষ করে নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় অল্পসংখ্যক ট্রান্সজেন্ডার অ্যাথলেটের অংশ নেওয়ার বিষয়টি। ট্রাম্প দাবি করছেন, রিপাবলিকানদের জন্য এবারও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্প্রতি এক সমাবেশে ট্রাম্পের মন্তব্য, ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ‘আমাদের সর্বকালের অন্যতম কার্যকর নির্বাচনী বক্তব্য।’ সঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে আমি বিষয়টি তুলতে পছন্দ করি।’ ট্রাম্পের আরও দাবি, ট্রান্সজেন্ডারদের ওপর থেকে ডেমোক্র্যাটরা হঠাৎ সমর্থন প্রত্যাহার করে নিতে পারে, এই আশঙ্কায় তিনি ‘ভীষণ উদ্বিগ্ন’ ছিলেন।
জনমত জরিপে দেখা যায়, ট্রান্সজেন্ডার ইস্যুর গুরুত্বপূর্ণ কয়েকটি দিকে রিপাবলিকানদের অবস্থানই তুলনামূলক বেশি সমর্থন পাচ্ছে। যুক্তরাষ্ট্রে এসব বিষয় ঘিরে তীব্র আবেগ ও বিতর্ক তৈরি হয়; অনলাইনে এবং দলীয় টেলিভিশন চ্যানেলগুলোতেও চলে উত্তপ্ত আলোচনা।
কমলা হ্যারিসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন হয় দুই বছর আগে। সে সময় ট্রাম্পের প্রচারশিবির টেলিভিশনে একটি বিজ্ঞাপন প্রচার করে, যা অত্যন্ত কার্যকর হয়েছিল। কারাগারে করদাতাদের অর্থে লিঙ্গ পরিবর্তনমূলক চিকিৎসা বা অস্ত্রোপচারের সমর্থক হিসেবে সেখানে দেখানো হয় ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে। ব্যাপক আলোচনার জন্ম দেয় বিজ্ঞাপনটির শেষ বাক্য: ‘কমলা “তারা/তাদের” জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প আপনার জন্য।’
বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, যেসব অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল সবচেয়ে তীব্র, তার কয়েকটিতে নির্বাচনের গতিপথ পাল্টে দেওয়ার পেছনে ওই বিজ্ঞাপনের ভূমিকা ছিল। ট্রাম্পের প্রকাশ্য সমালোচক ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের ভাষায়, ‘এটি ছিল নির্মম, এটি ছিল বিধ্বংসী। বিজ্ঞাপনটি খুবই কার্যকর ছিল।’
সামাজিক ন্যায়বিচারের নানা ইস্যুতে ডেমোক্র্যাটদের জোরালো সমর্থন ছিল ২০১০-এর দশকের বড় একটি সময় থেকে ২০২০-এর দশকের শুরু পর্যন্ত। এর মাধ্যমে তাঁরা সমর্থকদের সংগঠিত করতে পেরেছেন, পাশাপাশি সমকামী বিয়ে বৈধ করার মতো বিষয়ে পেয়েছেন বড় রাজনৈতিক সাফল্য। কিন্তু ট্রান্সজেন্ডার ইস্যুতে এসে তাঁদের ব্যাপক বিরোধিতার মুখোমুখি হতে হয়।
এসব বিষয়ে ডেমোক্র্যাটরা বছরের পর বছর প্রচারণা চালিয়েছেন, তবু মার্কিন জনমতে বড় পরিবর্তন আনা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। কোনো কোনো বিশ্লেষকের মতে, এতে বরং এমন অনেক বিতর্কিত বক্তব্য ও ইস্যু তৈরি হয়েছে, যেগুলো রিপাবলিকান প্রচারকর্মীরা কাজে লাগাতে পারেন।
পিউ রিসার্চ সেন্টার একটি নির্দলীয় প্রতিষ্ঠান। তাদের ২০২৫ সালের এক জরিপের ফল বলছে, জন্মের সময় নির্ধারিত লিঙ্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন ক্রীড়া দলে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন ৭৩ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক। আবার ৬৬ শতাংশের মত হলো, জন্মের সময় নির্ধারিত লিঙ্গ অনুযায়ীই দল বেছে নিতে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের বাধ্য থাকা উচিত।
কার্ট বারদেলা একসময় রিপাবলিকান কর্মকর্তা ছিলেন, এখন ডেমোক্র্যাটদের পরামর্শক। এএফপিকে তিনি বলেন, ‘আমার মনে হয়, ডেমোক্র্যাটরা নিজেদের নিয়েই অযথা ভীত থাকার পুরোনো ভুলটি করেছে। সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে তারা আসলে বেশির ভাগ আমেরিকানকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে।’
এএফপিকে অভিজ্ঞ রিপাবলিকান কৌশলবিদ ডগ হেই বলেন, ‘এ ধরনের কিছু বিষয়ে ডেমোক্র্যাটরা কত মানুষকে বিরক্ত করছেন, তা তাঁরা ভুলে যান।’ তাঁর আরও বক্তব্য, ‘এ বিষয়ে জনমত জরিপ দেখলেই বোঝা যায়, বিষয়টি মোটামুটি ব্যাপকভাবে রিপাবলিকানদের পক্ষে। আর এ কারণেই তারা ইস্যুটি নিয়ে এত আগ্রাসী প্রচার চালাচ্ছে।’
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রচার যখন তুঙ্গে উঠছে, রিপাবলিকানরা তখন ট্রান্সজেন্ডার ইস্যুটিকে আবারও সামনে নিয়ে আসছে। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্কের ‘আমেরিকা প্যাক’ ব্যাপক বিজ্ঞাপন প্রচার শুরু করেছে, যেখানে ট্রান্সজেন্ডার ইস্যুতে ডেমোক্র্যাটদের অজনপ্রিয় অবস্থানের সমালোচনা করা হচ্ছে; উদ্দেশ্য রিপাবলিকান ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা।
টেক্সাস থেকে মার্কিন সিনেটে লড়ছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো, এ মুহূর্তে তিনি কঠিন এক নির্বাচনী লড়াইয়ের মধ্যে আছেন। অঙ্গরাজ্যের আইনপ্রণেতা থাকার সময়, ২০২১ ও ২০২৩ সালে, এমন বিধিনিষেধের বিপক্ষে তিনি ভোট দিয়েছিলেন, যাতে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের জন্মের সময় নির্ধারিত লিঙ্গ অনুযায়ী প্রতিযোগিতা করার বাধ্যবাধকতা আরোপের কথা ছিল।
তবে তালারিকো এখন বলছেন, ‘নিরাপত্তা বা ন্যায্যতা ঝুঁকিতে পড়লে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণের বিরোধী’ তিনি। চলতি নির্বাচনী চক্রে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আরও অনেক ডেমোক্র্যাট প্রার্থীও একই রকম কথা বলছেন।
ডেমোক্র্যাট কৌশলবিদ বারদেলা হতাশা ব্যক্ত করেছেন ইস্যুটি ফের সামনে চলে আসায়। কারণ, বিভিন্ন হিসাব বলছে, নিজেদের ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র প্রায় এক শতাংশ।