ছবিঃ সংগৃহীত
ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে প্রথমবারের মতো অংশ নিতে দেশটিতে গেছে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। শনিবার সেখানে পৌঁছানো এই যুদ্ধবিমানগুলোর সঙ্গে এসেছেন ২০০ জনের বেশি মার্কিন বিমানসেনাও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। এক্সে একটি পোস্ট দিয়ে এর সত্যতা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
মার্কিন বিমানশক্তি ভারতের যোধপুরে গিয়ে পৌঁছেছে বলে জানান সার্জিও গোর। ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক এসব যুদ্ধবিমানের অংশগ্রহণ এবারই প্রথম।
মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানগুলো ভারতীয় বিমানবাহিনী এবং অংশীদার অন্য দেশগুলোর বিমানবাহিনীর পাশাপাশি মহড়ায় অংশ নিচ্ছে দেখে তিনি উচ্ছ্বসিত। সেই সঙ্গে যুদ্ধবিমানগুলোর কয়েকটি ছবিও তিনি প্রকাশ করেছেন।
যোধপুর বিমানঘাঁটিতে ‘তরঙ্গ শক্তি’ মহড়ার দ্বিতীয় সংস্করণের আয়োজন চলছে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময়ে—এ তথ্য জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যোগ দিচ্ছে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ভারত মহড়ায় দেখাবে রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ ও সুখোই-৩০ এমকেআইসহ নানা ধরনের যুদ্ধবিমান ও আকাশযান।
ভারতের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা এবং একই সঙ্গে অংশ নেওয়া দেশগুলোর পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির সুযোগ করে দেওয়া এই মহড়ার অন্যতম লক্ষ্য—এমনটাই বলছে বাহিনীটি।