রাজশাহীর ৮৫ মণ্ডপে ২০ হাজার টাকা করে অনুদান, বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি ভূমিমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।’ এ কথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শনিবার মতবিনিময় ও আর্থিক অনুদান অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় নগরীর ধর্মসভায়। এতে ভূমিমন্ত্রী মহানগরীর মোট ৮৫টি মণ্ডপের প্রতিটিকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন।
মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সৌহার্দ্যের ইতিহাসই বরাবর রাজশাহীর ইতিহাস। সব ধর্মের মানুষ এখানে যুগে যুগে মিলেমিশে বসবাস করে আসছে।
কোনো অসচ্ছল পরিবার যেন আনন্দের অংশীদার হওয়া থেকে বঞ্চিত না হয় এবং পূজার দিনে যেন কোনো সামাজিক বৈষম্য না ঘটে, সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রিয় শহর রাজশাহীতে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আপনারাই আমাদের ঐতিহ্য ধরে রেখেছেন। সরকারের পক্ষ থেকে অনুদান ও সরকারি প্রয়োজনীয় বরাদ্দ যথাসময়ে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে।’
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার এবং ধর্মসভা ও বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।