শিক্ষাকে অবহেলা করে উন্নত জাতি গড়া সম্ভব নয়: মঈন খান
ছবিঃ সংগৃহীত
শিক্ষাব্যবস্থাকে বিন্দুমাত্র অবহেলা করার সুযোগ নেই, যদি দেশকে একটি উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে দাঁড় করাতে হয়—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
ড. মঈন খানের কথায়, যুক্তরাষ্ট্র যে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, তার পেছনে আধুনিক অস্ত্র ও সামরিক শক্তিই কাজ করছে বলে অনেকে মনে করেন। অথচ প্রকৃতপক্ষে উন্নত শিক্ষাব্যবস্থাই দেশটির শক্তির অন্যতম প্রধান ভিত্তি। তারা বিশ্বে নেতৃত্বের জায়গায় যেতে পেরেছে নিজেদের শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে পারার কারণেই।
মন্ত্রী বলেন, কোনো দেশকে উন্নত ও শক্তিশালী অবস্থানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকেরা অপরিসীম ভূমিকা রাখেন। সঠিক শিক্ষা ও দিকনির্দেশনার মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিকে পরিণত করার বড় দায়িত্বটি শিক্ষকদের কাঁধেই।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রীর আহ্বান, এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নতুন প্রজন্মকে যেন সঠিক পথে চালিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।
সভায় অন্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার ও পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিন। এ ছাড়া শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।