শিল্পকলার সামনের দেয়ালে গ্রাফিতিতে কালি: আ ন ম আয়াসসহ দুজন শাহবাগ থানায় আটক
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে তাঁরা কালি দিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে আটকের পর দুজনকে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ডিউটি অফিসার জানান, শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ার ঘটনায় তাঁদের থানায় আনা হয়েছে এবং বর্তমানে তাঁরা সেখানেই রয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শিল্পকলা একাডেমিসংলগ্ন দেয়ালে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা হয়। তার পর থেকেই বিষয়টি নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেখানে জায়গা পায় পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবি।
পশ্চিমবঙ্গের ব্যক্তিত্বদের গ্রাফিতিতে অন্তর্ভুক্ত করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন অনেকে। তালিকায় বাংলাদেশের আরও গুণী ব্যক্তিত্বকে রাখা যেত কি না, পশ্চিমবঙ্গে একইভাবে বাংলাদেশের ব্যক্তিত্বদের স্থান দেওয়া হতো কি না—আলোচনা হয় এসব নিয়ে। সমালোচনা দেখা দেয় দেয়ালচিত্রে নারী ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়েও।
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন কার্যক্রম চালিয়েছে ডিএসসিসি। মৎস্য ভবনের দিকে যাওয়ার পথে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের বিপরীত পাশের ফুটপাতে বসানো হয় ডাস্টবিন ও বসার বেঞ্চ, আর দেয়ালে আঁকা হয় বিশিষ্ট ব্যক্তিদের গ্রাফিতি। ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম গত সোমবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন।
পশ্চিমবঙ্গের তিন ব্যক্তিত্ব ছাড়াও গ্রাফিতিতে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, চলচ্চিত্রকার জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম ও অভিনেতা হুমায়ূন ফরীদির ছবি।