সালমানের স্টুডিওতে হামলার পেছনে জমির দখল-বিবাদ থাকতে পারে: ডিএমপি
ছবিঃ সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম জানিয়েছেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের নেপথ্যে জমির দখল-বেদখল নিয়ে বিবাদ থাকতে পারে। রাজধানীর ইসিবি চত্বরের মানিকদীর নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে ওই ঘটনা ঘটে।
নিউগিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনাস্থলেই রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়; সেখানেই তার এ বক্তব্য আসে।
মাহিদুল ইসলাম জানান, গতকাল রাতে কিছু লোক দল বেঁধে সেখানে ভাঙচুর চালায়। খবর পাওয়ার পর ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), ইন্সপেক্টর (অপারেশন) এবং অন্যান্য পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন; সেখান থেকেই গ্রেফতার করা হয় দুজনকে। পরে রাতেই অভিযানে গ্রেফতার হন আরও একজন। মোট তিনজনকে গ্রেফতারের কথা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং যারা জড়িত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
সাংবাদিকদের করা একটি প্রশ্নের উত্তরে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল পরিদর্শনে তিনি পুরো টিম সঙ্গে নিয়ে এসেছেন এবং তদন্তও করেছেন। তিনি আরও জানান, প্রতিটি ঘটনা ঘটামাত্রই সেটি শনাক্ত করার কাজ করা হয়েছে।
হামলাকারীরা কারা—এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টির তদন্ত এখনো চলছে। লোকজন দলবদ্ধভাবে আসায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তাদের মধ্যে মামুন নামের একজনের বাড়ি গফরগাঁও, থাকেন ভাষানটেক বস্তিতে। আসলাম নামের আরেকজন পেশায় অটোচালক, তার বাড়ি টাঙ্গাইল। গ্রেফতার হওয়া তৃতীয় ব্যক্তি মুন্নাও ভাষানটেক বস্তির বাসিন্দা।
হামলা কেন হয়েছে জানতে চাওয়া হলে মাহিদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে আরও তথ্য মিললে এ বিষয়ে সুস্পষ্টভাবে জানানো হবে।