ছবিঃ সংগৃহীত
আগামী ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগে করা মামলায় এ প্রতিবেদন দেওয়ার কথা। প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। মামলাটিতে আসামি ১১ জন; সালমানের স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং খলনায়ক আশরাফুল হক ডন তাদের মধ্যে আছেন।
কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদের পক্ষে আদালতে কোনো প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। সে জন্য নতুন দিন নির্ধারণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত। সালমান শাহর পক্ষের আইনজীবী আবিদ হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে তদন্ত কর্মকর্তা গত ২০ মে একটি আবেদন করেন। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে এই চিত্রনায়কের মৃতদেহ উত্তোলনের অনুমতি চাওয়া হয় তাতে।
লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি মেলে পরে, ২৪ মে। বাদীপক্ষ তখন ওই আদেশ বাতিল চেয়ে আবেদন জানায়, যা আদালত নথিভুক্ত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়ায় গত ২২ জুন নিয়োগ দেওয়া হয় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে।
এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। সম্প্রতি সেই আদেশের অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়; পরে তা নথিভুক্ত করা হয়।
প্রসঙ্গত, চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ মারা যান ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী সে সময় একটি অপমৃত্যুর মামলা করেছিলেন। ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলে পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন।