১০৩টি অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
ছবিঃ সংগৃহীত
বন্ধ হয়ে গেছে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি। মৎস্য অধিদপ্তর ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা কার্যকর হওয়ার ফলে এ অবস্থা তৈরি হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়; চিঠিতে সই করেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক। তখন থেকেই বন্ধ আছে ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া।
এ খবরের সত্যতা গণমাধ্যমকে জানিয়েছেন আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
তিনি বলেন, তাঁরা মৎস্য অধিদপ্তরের একটি চিঠি পেয়েছেন, যাতে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বন্ধ আছে ইলিশ আমদানি, আর বিপাকে পড়েছেন আমদানিকারকেরা।
ইলিশ আমদানিকারক সৈয়দ মহিদুল হক রুবাই বলেন, আকস্মিকভাবে আমদানি বন্ধ হওয়ায় তাঁদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে।
তিনি জানান, আমদানি করার জন্য যে ইলিশ কেনা হয়েছিল, তা রাখা ছিল সীমান্তের ওপারে। সেসব ইলিশ এখন কম দামে ফেরত দিতে হবে। এ ছাড়া আমদানি-খরচ বাবদ লোকসানও রয়েছে।