ছবিঃ সংগৃহীত
ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের নতুন ইতিহাস এখন রোহিত শর্মার। ক্যারিয়ারের শেষ ভাগে পৌঁছে ভারতীয় এই তারকা ভেঙেছেন শচীন টেন্ডুলকারের এমন একটি রেকর্ড, যা টিকে ছিল দীর্ঘ ২২ বছর; স্বদেশি কিংবদন্তিকেই তিনি পেছনে ফেলেছেন।
রোহিতের এই রেকর্ড এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। মাইলফলক থেকে তিনি দূরে ছিলেন মাত্র ২ রান। ব্যাট করতে নেমে নিজের খেলা চতুর্থ বলটিতে জায়ডেন সিলসের বলে ২ রান নিয়ে তিনি রানের খাতা খোলেন; তাতেই ওপেনার হিসেবে তাঁর ১০ হাজার রান পূর্ণ হয়।
এই মাইলফলকে পৌঁছাতে রোহিতের লাগল ২০২ ইনিংস। ২০০৪ সালে একই কীর্তি গড়ার পথে শচীন খেলেছিলেন ২১৪ ইনিংস।
রোহিত মাত্র চতুর্থ ব্যাটার, যিনি ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান করলেন। শচীনের পাশাপাশি তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। এ জন্য গেইল খেলেছিলেন ২৬৮ ইনিংস, আর জয়সুরিয়া ৩০৩ ইনিংস।
আগের ম্যাচটিতেও রোহিতের নামের পাশে যোগ হয়েছিল নতুন একটি রেকর্ড; ৩৯ বছর বয়সী এই ব্যাটার ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলকে পৌঁছান। আর তৃতীয় ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে আসে ৮৫ বলে ৯২ রান, সেঞ্চুরি হাতছাড়া হয়েছে অল্পের জন্য।