কুবির রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরী
ছবিঃ সংগৃহীত
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, প্রশাসনিক ও দাপ্তরিক কাজের স্বার্থে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে রেজিস্ট্রার পদের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে, যা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। পাশাপাশি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী, যার জন্য বিধি অনুযায়ী তিনি দায়িত্বভাতা পাবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ২৭ সেপ্টেম্বর সকাল থেকে আদেশটি কার্যকর হবে।
এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, ‘রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল; তিনি মূলত তিনটি দায়িত্ব পালন করছিলেন। এর একটি থেকে অব্যাহতি চেয়ে তিনি আবেদন করেন। সে কারণে প্রশাসন তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে।’
নিজের প্রতিক্রিয়ায় নবনিযুক্ত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘২২ তারিখে ইস্যু করা চিঠি পেয়েছি, তবে আমাকে ২৭ সেপ্টেম্বর দায়িত্ব নিতে বলা হয়েছে। আমি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক হিসেবে আছি; এটি আমার অতিরিক্ত দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে প্রশাসন যেহেতু দায়িত্ব দিয়েছে, সর্বোচ্চ সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করব। দায়িত্ব সুন্দরভাবে পালনে সবার সহযোগিতা চাই।’