ছবিঃ সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভারতের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে জয়হীন রয়েছে ২০০২ সালের পর থেকে।
ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি চান, ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে ২৪ বছরের সেই খরার অবসান ঘটাতে।
ক্যারিবীয় কোচ বলেন, ‘সিরিজ জেতার লক্ষ্য নিয়েই এবার আমরা ভারত সফরে এসেছি। ২৪ বছর ধরে ওয়ানডে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই।’
২০০২ সালে সাত ম্যাচের সিরিজ ৪-৩ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ; ভারতের মাটিতে সেটিই তাদের সর্বশেষ সিরিজ জয়। তারপর থেকে ভারতে খেলা সাতটি ওয়ানডে সিরিজের সব কটিতেই হার মেনেছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলে ২০২২ সালে। তিন ম্যাচের ওই সিরিজে তারা হোয়াইটওয়াশ হয়েছিল।
অতীতের সেই রেকর্ড এবারের সফরে মুছে ফেলতে চান সামি। তাঁর ভাষায়, ‘২৪ বছর ধরে আমরা ভারতে কোনো সিরিজ জিতিনি। তাই এবারের ভারত সফর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমার বিশ্বাস, বর্তমান দলের খেলোয়াড়দের যেকোনো চ্যালেঞ্জ সামলানোর সামর্থ্য আছে। আশা করি, এই দল এবার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারবে।’
ভারতের কন্ডিশন সামির কাছে কোনো সমস্যা বলে মনে হচ্ছে না। তাঁর মতে, ভারতের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলের প্রত্যেকেরই রয়েছে।
ক্যারিবীয় কোচের ভাষায়, ‘এ দলের বেশির ভাগ খেলোয়াড় আইপিএলে খেলেছে। ভারতের কন্ডিশন সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। তাই কন্ডিশন নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। তিন বিভাগেই সেরা পারফরম্যান্স দেখাতে পারলে সাফল্য আসবে।’
ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ভারতের মাটিতে শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে।