এক ভিডিওতেই সামাজিক মাধ্যমে ঝড় তুললেন শ্রীলীলা
ছবিঃ সংগৃহীত
ইনস্টাগ্রামে প্রকাশিত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি এ পর্যন্ত ২৫ কোটি ৮১ লাখের বেশিবার দেখা হয়েছে, লাইক জমেছে ১ কোটি ১১ লাখের বেশি। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি জনপ্রিয়তার নতুন দৃষ্টান্ত তৈরি করলেন।
ভিডিওটিতে প্রায় ৩৬ হাজার ৩০০টি মন্তব্য এসেছে—এ তথ্য দিয়েছে ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার ওয়েবসাইট রিল্যাক্স।
শ্রীলীলা সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সরব থাকেন। ভক্তদের সামনে তিনি হাজির হন কখনো ফ্যাশনেবল সাজে, কখনো ঐতিহ্যবাহী পোশাকে; কখনো আবার জানান কাজের খবর কিংবা তুলে ধরেন ব্যক্তিজীবনের নানা মুহূর্ত। তার এসব পোস্ট নিয়মিতই সাড়া পায়। কিন্তু সাম্প্রতিক এ ভিডিওটি যে প্রতিক্রিয়া পেয়েছে, তা যেন ছাপিয়ে গেছে আগের সবকিছুকে।
শুধু সামাজিক মাধ্যমে নয়, পর্দার কাজ নিয়েও শ্রীলীলার এখন ব্যস্ত সময় যাচ্ছে। দক্ষিণ ভারতীয় সিনেমায় শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি, এবার অপেক্ষা বলিউডে অভিষেকের। তাকে পর্দায় পাওয়া যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে, অনুরাগ বসুর পরিচালনায়।
শ্রীলীলা বলিউডের বাইরে ‘ওম: চ্যাপটার ওয়ান’ নামের সিনেমাতেও অভিনয় করছেন, যেখানে তার সঙ্গে আছেন ধানুশ। এ ছাড়া আরও কয়েকটি ছবির কাজ জমা আছে তার হাতে। সব মিলিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় থাকার পাশাপাশি বড় পর্দাতেও আগামী দিনগুলোতে ব্যস্ত সময়ই কাটাতে হবে এই অভিনেত্রীকে।