ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
ছবিঃ সংগৃহীত
এক ব্যবসায়ীকে মারধর, ভয়ভীতি দেখানো এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করার অভিযোগ উঠেছে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই ব্যবসায়ী একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগ করতে রাজি হননি বলেই এমনটি করা হয়। অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বর্ষিণীর ব্যাংক হিসাবে এ ঘটনার সঙ্গে সম্পর্কিত অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। ২৮ বছর বয়সী এই অভিনেত্রী গ্রেফতার হন গত ২২ সেপ্টেম্বর, মাইলাপুরের বাসা থেকে। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে তোলা হলে বিচারকের নির্দেশ আসে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ নামের এক ব্যবসায়ীকে নিজেদের প্রস্তাবিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু। তবে সে প্রস্তাবে সায় দেননি তরুণ। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের সঙ্গে তার বিরোধের শুরু তখন থেকেই।
মামলায় অভিযোগ করা হয়েছে, তরুণ গত ২২ আগস্ট ভোরে নিজের ঘরে ফেরেন এবং দেখতে পান বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় ও আরও দুই ব্যক্তি আগে থেকেই সেখানে রয়েছেন। সবাই মিলে তারা তরুণকে মারধর করেন। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ৫০ হাজার রুপিও জোরপূর্বক নিয়ে নেওয়া হয়।
অভিযোগের ভাষ্যমতে, পরে ফোনে বাড়তি টাকার দাবি আসে। তরুণকে ভয়ভীতি দেখানো হলে তিনি বাধ্য হয়ে ৩ লাখ রুপি পাঠান বর্ষিণীর ব্যাংক হিসাবে, আর ২ লাখ রুপি পাঠান সঞ্জয়ের হিসাবে। ওই ব্যবসায়ীর অভিযোগ, নগদ ৫০ হাজারসহ মোট ৫ লাখ ৫০ হাজার রুপি নিয়েও অভিযুক্তরা ক্ষান্ত হননি; উল্টো আরও ২৭ লাখ রুপি দাবি করে তাকে হুমকি দেওয়া হয়।
পরে থানায় অভিযোগ জানান তরুণ। পুলিশ তদন্ত শুরু করে তার ব্যাংক হিসাবের তথ্য খতিয়ে দেখে এবং বর্ষিণীর হিসাবে অর্থ স্থানান্তর হওয়ার প্রমাণ পায়। তার পরই গ্রেফতার হন অভিনেত্রী। সে সময় একটি আইফোনও জব্দ করা হয় তার কাছ থেকে।
ঘটনার সঙ্গে জড়িত বর্ষিণীর বাকি সহযোগীদেরও গ্রেফতার করতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস