ঝিনাইদহে বিদ্যুতের তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
ছবিঃ সংগৃহীত
রকি নামের এক যুবক ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন; বিদ্যুতের তার চুরি করতে গিয়ে তিনি এ দুর্ঘটনায় পড়েন। ঘটনাটি রবিবার ভোররাতের, সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায়।
মারা যাওয়া রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় একটি ঘাসের জমিতে তার মরদেহ পড়ে আছে দেখতে পেয়ে তারা পুলিশকে জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভোররাতে বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই রকি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ ও এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে।