অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে ৯০০ মাস্টার ট্রেইনার গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবিঃ সংগৃহীত
৯০০ জন মাস্টার ট্রেইনার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। লক্ষ্য—অধিভুক্ত কলেজগুলোতে অনার্স দ্বিতীয় বর্ষের ‘অ্যাপ্লাইড আইসিটি’ কোর্সের পাঠদানকে আরও কার্যকর করা। এই মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দিতে ৯০ জন কোর ট্রেইনারও গড়ে তোলা হবে।
কারিকুলাম ও প্রশিক্ষণসামগ্রীর যাচাই-বাছাইয়ের পর মাঠপর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে প্রস্তুতি চলছে। এ নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে একটি সমন্বয় সভা হয়, যাতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা, প্রশিক্ষণ ক্যালেন্ডার ও সময়সূচি, প্রশিক্ষক নির্বাচন, বাজেট, প্রশিক্ষণ এলাকা নির্ধারণ এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ—এসব বিষয় সভার আলোচনায় আসে। মিশ্র পদ্ধতিতে প্রশিক্ষণটি পরিচালনা করার পরিকল্পনা করা হয়েছে; এতে অনলাইন কোর্স শেষ করে কোর ও মাস্টার ট্রেইনারদের পাঁচ দিন সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে হবে।
প্রথম বর্ষে ইতিমধ্যে ৯০ জন কোর ট্রেইনার ও ৮৪০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। পাশাপাশি অভ্যন্তরীণ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ পেয়েছেন প্রায় ২ হাজার শিক্ষক; পর্যায়ক্রমে আরও ২ হাজার ৫০০ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা আছে।
অভ্যন্তরীণ প্রশিক্ষণের সম্ভাব্য বাজেট, কোর ও মাস্টার ট্রেইনারদের চূড়ান্ত তালিকা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক নির্বাচন—এসব বিষয়ও সভায় আলোচিত হয়। গুরুত্ব পায় প্রশিক্ষণ কার্যক্রম সহজ করার লক্ষ্যে বিভিন্ন জোন ও ম্যাপিং এলাকা নির্ধারণের বিষয়টিও।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, শিক্ষক প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে ‘অ্যাপ্লাইড আইসিটি’ কোর্সের পাঠদান আরও কার্যকর করার লক্ষ্যে; এ প্রশিক্ষণ পর্যায়ক্রমে কলেজ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে প্রযুক্তিনির্ভর পাঠদানে শিক্ষকদের দক্ষতা আরও বাড়বে, আর শ্রেণিকক্ষে অ্যাপ্লাইড আইসিটির ব্যবহারিক দিকগুলো শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের যেসব কর্মকর্তা সভায় যোগ দেন, তাঁদের মধ্যে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সংশ্লিষ্ট অনুষদ ও কেন্দ্রের ডিন এবং শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক।