ফুটপাত উদ্ধার অভিযান চলবেই, হামলার পেছনে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ছবিঃ সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ঘোষণা দিয়েছেন, ফুটপাত উদ্ধারের অভিযান চালিয়ে যাওয়া হবে। রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটার পরও তিনি এ ঘোষণা দিলেন।
বুধবার মিরপুর-১০ নম্বরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। ডিএনসিসি প্রশাসকের ভাষ্য, ফুটপাতকে দখলমুক্ত করার কর্মসূচি চলতে থাকবে। তার দাবি, উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে।
শফিকুল ইসলাম খানের বক্তব্য, স্থানীয় সাধারণ জনগণ প্রতিরোধ গড়ে তোলায় হামলাকারীরা পালাতে বাধ্য হয়েছে। ফুটপাত উদ্ধারের কর্মসূচি চলবে, যাতে নগরবাসী নির্বিঘ্নে চলাচলের সুযোগ পান।
তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে; এরপর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে ভেকু ও পুলিশের গাড়িও। মসজিদে পরিকল্পিতভাবে আগুন দিয়ে অরাজকতা তৈরি করা হয়েছে বলে অভিযোগ তার।
ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ডিএনসিসির প্রশাসক। মামলা হবে পুলিশের পক্ষ থেকে, ডিএনসিসির পক্ষ থেকেও। তিনি আরও জানান, তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা হবে এবং তাদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আজকের ঘটনায় প্রমাণ হয়েছে যে মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়। কারও ইন্ধনে ভবিষ্যতে ফের ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
স্থানীয় জনগণ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানান তিনি। তার ভাষ্য, ফুটপাত দখলমুক্ত করার কাজটি করা হচ্ছে জনগণের চাহিদা অনুযায়ী, আর এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।
শফিকুল ইসলাম খান বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও। তিনি আরও জানান, উচ্ছেদ অভিযান পরিচালনাকালে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন; এতে জড়িতদের অনেকে ইতোমধ্যে চিহ্নিত হয়েছেন।
নিজেকে মিরপুরের সন্তান উল্লেখ করে ডিএনসিসির প্রশাসক আরও বলেন, এলাকার পরিস্থিতি তার জানা আছে। তিনি মন্তব্য করেন, ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না; এ ব্যাপারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলতে থাকবে।