সেপ্টেম্বরে প্রবাসী আয় ২৭৪ কোটি ডলার, প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ১৩ শতাংশ
ছবিঃ সংগৃহীত
চলতি বছরের সেপ্টেম্বরে দেশে ২৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা এসেছে বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে। এর মধ্য দিয়ে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় থাকল।
ডলারপ্রতি ১২২ দশমিক ৭৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৬৯৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১ অক্টোবর) যে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এবারের সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়কে ছাড়িয়ে গেছে। দেশে ২০২৫ সালের সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল।
এ হিসাবে সেপ্টেম্বর মাসে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বৃদ্ধির হার প্রায় ২ দশমিক ২ শতাংশ।
শুধু একক মাসেই নয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও প্রবাসী আয় জোরালো প্রবৃদ্ধির মুখ দেখেছে।
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশে মোট ৮৫৭ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সেই বিবেচনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে প্রবাসী আয়ে।
অর্থনীতিবিদেরা মনে করেন, দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ সামাল দিতে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধারা টিকিয়ে রাখার জন্য নীতিগত সহায়তা চালু থাকলে আরও শক্তিশালী হতে পারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।