পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি
ছবিঃ সংগৃহীত
যুক্তরাজ্যের একিউএ গ্লোবালের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়; উদ্দেশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করে তোলা। এ সহযোগিতার মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক মানের মূল্যায়ন পদ্ধতি চালু করা, মূল্যায়নের দক্ষতা ও নির্ভুলতা বাড়ানো এবং পরীক্ষা ব্যবস্থাপনার নানা ধাপকে ডিজিটাল করার।
সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার, গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলরের দপ্তরের কনফারেন্স রুমে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাজ্যের একিউএ গ্লোবালের চুক্তি স্বাক্ষরের ঘটনা এটিই প্রথম।
এই চুক্তির অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনার বিভিন্ন ধাপ পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে। এ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি গুরুত্ব পাবে পরীক্ষা ব্যবস্থাপনায় জবাবদিহি, গতি, নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম এত বড় পরিসরে চালাতে গেলে প্রচলিত পদ্ধতির পাশাপাশি নিশ্চিত করতে হবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। তাঁরা চান, পরীক্ষার গোটা প্রক্রিয়া আরও স্বচ্ছ, নির্ভুল ও দ্রুত হয়ে উঠুক; আর মানবিক ভুলের সুযোগ যেখানে আছে, সেখানে প্রযুক্তি ব্যবহার করে তা কমিয়ে আনা হোক।
তিনি আরও বলেন, উন্নত মূল্যায়ন ব্যবস্থা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা, তা কাজে লাগাতে হবে; একিউএ গ্লোবালের সঙ্গে এ সহযোগিতা সেই সুযোগ তৈরি করেছে। তাঁর মতে, এটি নিছক একটি চুক্তি নয়; জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন ও পরীক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতের উপযোগী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন এবং একিউএ গ্লোবালের ইন্টারন্যাশনাল বিজনেসের পরিচালক শন ক্রোলিও অনুষ্ঠানে বক্তব্য দেন।
রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেমও স্বাক্ষর অনুষ্ঠানে হাজির ছিলেন। একিউএ গ্লোবালের পক্ষ থেকে ছিলেন বিজনেস ডেভেলপমেন্টের লিড ইন্টারন্যাশনাল সৈয়দ শাহ এবং বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা; পাশাপাশি দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে ছিলেন।