শাহজালাল বিমানবন্দরে হঠাৎ হাজির পর্যটনমন্ত্রী, কথা বললেন যাত্রীদের সঙ্গে
ছবিঃ সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আকস্মিক পরিদর্শনে গিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
শুক্রবার রাতের এই পরিদর্শনে তিনি বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেখানে লাগেজের অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গে কথাও বলেন।
যাত্রীদের কাছে মন্ত্রী জানতে চান, বিমান থেকে নেমে লাগেজ হাতে পেতে কতটা সময় লাগছে এবং লাগেজ সরবরাহ কার্যক্রম নিয়ে অভিজ্ঞতা কেমন। তখন যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়ে সন্তোষ জানান; বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন।
যাত্রীসেবার মান আরও উন্নত করার বিষয়ে জোর দেন মন্ত্রী। তিনি নির্দেশনা দেন, বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে যাত্রীদের সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্যকে। এ ছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ট্রলির সংখ্যা দ্রুত বাড়াতেও নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের সময় সেখানে ছিলেন বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।