আইসিসিবির সুপার সেল কার বাজার চলবে আরও এক ঘণ্টা বেশি
ছবিঃ সংগৃহীত
গাড়ি কেনাবেচার আয়োজন ‘সুপার সেল কার বাজার’ গতকাল শুক্রবার পঞ্চম সপ্তাহেও বসেছে; এর আগে টানা চার সপ্তাহ সাড়া মিলেছে এবং ক্রেতা-বিক্রেতারা আগ্রহ দেখিয়েছেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার এ বাজারের আসর বসছে।
এশিয়ান ইমপোর্ট’স-এর আমদানি করা নতুন গাড়ি গতকাল মেলায় নতুন করে যুক্ত হয়েছে। শুধু নতুন নয়, পুরনো গাড়ির প্রতিও ক্রেতাদের আগ্রহ বেড়েছে; সে কারণে বেড়েছে মেলার সময় ও পরিধি। রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
কার বাজারটির যৌথ আয়োজক উইজার্ড শোবিজ ও আইসিসিবি। প্রতি শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে তা চলত সন্ধ্যা ৭টা পর্যন্ত। আয়োজকদের দেওয়া তথ্যমতে, নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি একই জায়গায় দেখা এবং কেনাবেচা করার সুযোগ রয়েছে বলে এই বাজারের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলায় মেলার সময় বাড়ানো হয়েছে এক ঘণ্টা।
সুপার সেল কার বাজারে প্রবেশ করলেই সারি সারি গাড়ির দেখা মেলে। নতুন গাড়ি রাখা হয়েছে এক পাশে, রিকন্ডিশন্ড গাড়ি অন্য পাশে, আর ব্যবহৃত গাড়ির জায়গা হয়েছে বিপরীত দিকে। এর অনেক গাড়িই ব্যক্তিগত ব্যবহারের ছিল; পুরনোটি বেচে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থেকে মালিকরা সেগুলো নিয়ে এসেছেন বাজারে। মেলার শুরুটা হয়েছিল ১২৭টি গাড়ি দিয়ে, আর গতকাল পঞ্চম সপ্তাহে সেই সংখ্যা গিয়ে ঠেকেছে ৩৬০-এ।
গতকাল বাজারে গিয়ে দেখা গেছে, নতুন গাড়ি কিনতে কেউ কেউ খোঁজ নিচ্ছেন, কেউবা ব্যবহৃত গাড়ির নানা দিক পরখ করে দেখছেন। অনেকেই পছন্দের গাড়িটি কেনার আগে একাধিক গাড়ির মডেল, দাম ও সুযোগ-সুবিধা মিলিয়ে তুলনা করছিলেন। সাড়ে ছয় লাখ থেকে শুরু করে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের গাড়ি এবারের বাজারে চোখে পড়েছে। ক্রেতা টানতে দামের পাশাপাশি নানা অফারও দিয়েছেন বিক্রেতারা।
এশিয়ান ইমপোর্ট’স-এর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার মেলায় নতুন ইভি কার তোলা হয়েছে ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে। সেখানে জাপানি ও চায়নিজ—এই দুই ধরনের ইভি কার যেমন মিলছে, তেমনি পাওয়া যাচ্ছে রিকন্ডিশন্ড গাড়িও।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লার ভাষ্য, ‘গত চার সপ্তাহে সফল আয়োজনের পর এখন আমাদের মেলা পঞ্চম সপ্তাহে চলছে। এরই মধ্যে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। গতকাল ৩৫০টিরও বেশি গাড়ি এসেছে। গত চার সপ্তাহের তুলনায় ক্রেতা-বিক্রেতার সাড়া বেশি থাকায় মেলার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।’