তেহরানে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
ছবিঃ সংগৃহীত
তেহরানের একটি প্রশিক্ষণকেন্দ্রে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও—এমন দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলার মধ্যেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইরানে।
খবরটি এসেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, নারীদের এ প্রশিক্ষণ হয় রবিবার (৪ অক্টোবর), তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে। সেখানে সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকেরা তাঁদের নানা নির্দেশনা দেন; এরপর তাঁদের দেখা যায় আগ্নেয়াস্ত্র, এমনকি হ্যান্ডগান চালানো অনুশীলন করতে।
তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য নতুন একটি প্রশিক্ষণকেন্দ্র ইরান চালু করে এর আগে, শনিবার (৩ অক্টোবর)। ইমাম হোসেইন স্কয়ারেও এ রকম একটি কেন্দ্র আগেই চালু হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্থল হামলা চালালে তা মোকাবিলা করার প্রস্তুতি হিসেবে এসব প্রশিক্ষণের আয়োজন।
৪৫ বছর বয়সী রাহেলেহ ঘাদিরি এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ চলাকালে নিজের পরিবার আর এলাকার মানুষকে রক্ষা করার উপায় জানা থাকলে তাঁর ভয় খানিকটা কমে আসবে।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে গত ২৮ ফেব্রুয়ারি সাত মাসের সংঘাতের সূচনা হয়। ৪০ দিনের যুদ্ধ থামে ৮ এপ্রিলের একটি যুদ্ধবিরতিতে, তবে তার পরও বিচ্ছিন্ন সংঘর্ষ চলতেই থাকে।
সূত্রগুলো জানায়, আরও ব্যাপক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইরান, যদি যুক্তরাষ্ট্র আবারও বড় আকারের হামলা শুরু করে।
সূত্র: রয়টার্স