দুবাইয়ে পর্দা উঠল ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’-এর
ছবিঃ সংগৃহীত
‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’ (বিআইটি’২৬)-এর পঞ্চম সংস্করণের পর্দা উঠেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে। ব্যাংকিং, ফিনটেক ও প্রযুক্তি খাতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা এক দিনের এই সম্মেলনে জড়ো হয়েছেন। খাতগুলোর সম্ভাবনা ও চ্যালেঞ্জের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা চলছে।
সম্মেলনটির আয়োজক ইউএইর প্রথম ইংরেজি দৈনিক ‘খালিজ টাইমস’। এর মূল আলোচ্য বিষয়ের তালিকায় আছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল পেমেন্ট, রেমিট্যান্স ও গ্রাহকের আস্থা। সম্মেলনটি উপস্থাপন করছে ‘এয়ারপে’ (Airpay)। আয়োজনটি এমন সময়ে বসেছে, যখন ডিজিটাল রূপান্তরে গতি বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো; একই সঙ্গে প্রবৃদ্ধির কৌশলগত চালিকাশক্তি হিসেবে তারা গ্রহণ করছে এআই, ডেটা, ডিজিটাল লেনদেন ও ‘এম্বেডেড ফাইন্যান্স’কে।
সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলোর একটি হলো লেনদেনে কৃত্রিম বুদ্ধিমত্তার বেড়ে চলা ব্যবহার। মানুষের বদলে এআই এজেন্ট দিয়ে লেনদেন পরিচালনার নানা দিক এবং তার সম্ভাব্য প্রভাব বিশেষভাবে আলোচনায় আসছে। এর বাইরে ‘আউটরান ডিসরাপশন: আ পেমেন্টস সিইও’স আনফিল্টার্ড অ্যাকাউন্ট’ শীর্ষক ফায়ারসাইড চ্যাটে গুরুত্ব দেওয়া হবে ডিজিটাল পেমেন্টের বিভিন্ন দিককে। পাশাপাশি সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে সীমান্তপারের লেনদেন (ক্রস-বর্ডার পেমেন্ট) ও রেমিট্যান্স।
সম্মেলনের বক্তাদের তালিকায় শিল্প খাতের শীর্ষ নির্বাহীদের মধ্যে আছেন কমার্শিয়াল ব্যাংক অব দুবাইয়ের (সিবিডি) প্রধান অর্থনীতিবিদ দীপক মেহরা, ডিজিপ্রেসের সিইও নন্দন মের, লুলু ফিন্যান্সিয়াল হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ, ডু-পে-এর সিইও রবার্তো মানকোন, অভি-এর সিইও ও সহপ্রতিষ্ঠাতা ওমায়ের আনসারি, সিটি ইউএইর হেড অব ওয়েলথ রাজীব গার্গ, ইউসর (Yusr)-এর প্রতিষ্ঠাতা ও সিইও আজামত সেইতবেকভ এবং বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান ‘আর্থার ডি লিটল’-এর ঊর্ধ্বতন নির্বাহীরা।
সূত্র : খালিজ টাইমস।