এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছে দুই হকি দল
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল আজ জাপান থেকে দেশে এসে পৌঁছেছে। এশিয়ান গেমসের সফর শেষ করে ফিরল তারা।
এশিয়ান গেমসে এবারই প্রথম খেলতে নেমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে নারী হকি দল। টুর্নামেন্টের ১২টি দলের মধ্যে তাদের অবস্থান হয়েছে নবম।
গ্রুপ পর্বে চীন ১৩-০, মালয়েশিয়া ৩-১ ও দক্ষিণ কোরিয়া ৮-০ ব্যবধানে হারায় বাংলাদেশকে; এসব হারের পর কাজাখস্তানের বিপক্ষে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে তারা।
এরপর চাইনিজ তাইপের বিপক্ষে ৩-২ ব্যবধানে হার মানে তারা। সিঙ্গাপুরের বিপক্ষে নবম স্থান নির্ধারণী ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে; পরে শুটআউটে বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।
এদিকে পুরুষ দলের প্রাপ্তি টুর্নামেন্টের সপ্তম স্থান। দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ ও জাপানের কাছে ৬-১ ব্যবধানে হেরে যাওয়ার পর বাংলাদেশ জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত তাদের হারায় ১০-০ ব্যবধানে।
থাইল্যান্ডের বিপক্ষে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে ৩-০ ব্যবধানের জয় তুলে নেয় বাংলাদেশ; শেষ পর্যন্ত জয় দিয়েই ইতি টানে টুর্নামেন্টের।