পাঠ্যবই ছাপার দরপত্রে অনিয়মের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান
ছবিঃ সংগৃহীত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই ছাপার দরপত্রে অনিয়ম এবং প্রাক্কলিত দর ফাঁস হওয়ার অভিযোগে এ অভিযান চালানো হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ জানান, সংস্থার প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম মঙ্গলবার রাজধানীর মতিঝিলের এনসিটিবি কার্যালয়ে গিয়ে অভিযানটি চালায়।
দুদক জানিয়েছে, অভিযোগ রয়েছে যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে এনসিটিবি যে প্রাক্কলিত দর নির্ধারণ করেছিল, তা কিছু অসাধু ঠিকাদারের কাছে আগেভাগেই ফাঁস করা হয়েছে। এরপর গোপন সমঝোতা ও যোগসাজশ করে প্রাক্কলিত দর বাড়ানোর মধ্য দিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ ও ক্ষতিসাধনের চেষ্টা চলছে—এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।
অভিযান চলাকালে দরপত্রের সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র, নথি ও রেকর্ডপত্র পরীক্ষা করে দেখে দুদক টিম।
সংস্থাটি আরও জানিয়েছে, অভিযানে সংগ্রহ করা নথিপত্র এবং প্রাথমিক তথ্য-উপাত্তের বিস্তারিত পর্যালোচনা চলছে। এ পর্যালোচনার ভিত্তিতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে কমিশন।
একই দিনে আলাদা একটি অভিযান চালিয়েছে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়। পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারিতে অতিরিক্ত অর্থ দাবি এবং গ্রাহক হয়রানির অভিযোগে সেখানে এ অভিযান হয়।