ব্যাংকের পুঁজিবাজার তহবিল ৩০০ কোটি টাকা করা ও মেয়াদ পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব ডিবিএর
ছবিঃ সংগৃহীত
প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার সীমা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা এবং এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর দাবি তুলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। দেশের পুঁজিবাজারে চলমান তারল্যসংকট মোকাবিলা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা জোরদারের লক্ষ্যে সংগঠনটি এ দাবি জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে গত ৬ অক্টোবর এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে, যাতে স্বাক্ষর করেছেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের কাছেও।
ডিবিএর ভাষ্য, পুঁজিবাজারে বিনিয়োগ ও এর উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক যে বিশেষ তহবিল সুবিধা চালু করেছে, তা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, বাজারের তারল্য ও স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোয় ইতিবাচক ভূমিকা রেখেছে। এ তহবিল বর্তমানে প্রতিটি তফসিলি ব্যাংক গঠন করতে পারে সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত। আগামী ৩০ নভেম্বর এর বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা।
প্রস্তাবে ডিবিএ বলেছে, তহবিলের সীমা ৩০০ কোটি টাকা করার সঙ্গে সঙ্গে মেয়াদও বাড়ানো হোক ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত।
সংগঠনটির মতে, এ সুবিধা অব্যাহত রাখা ও সম্প্রসারণ করা হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাজনিত বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও পুঁজিবাজারে তারল্য, গভীরতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে, জোরদার হবে বিনিয়োগকারীদের আস্থাও।
ডিবিএ আশা প্রকাশ করেছে, পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।