ঘাস আনতে গিয়ে ইঁদুরের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট, সেনবাগে কৃষকের মৃত্যু
ছবিঃ সংগৃহীত
গরুর জন্য ঘাস আনতে গিয়ে ধানক্ষেতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক কৃষক। নোয়াখালীর সেনবাগের এ ঘটনায় নিহত কৃষকের নাম শেখ খাজা মাইনুদ্দিন (৪৫)।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়, উপজেলার ঘোরকাটা গ্রামে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে অর্জুনতলা ইউনিয়নের ওই গ্রামে একটি ধানক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসী।
শেখ খাজা মাইনুদ্দিন দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাইনুদ্দিন বৃহস্পতিবার বিকেলে বাড়ির পশ্চিম পাশের জমিতে যান গরুর জন্য ঘাস আনতে। সে সময় ওই ধানক্ষেতে ইঁদুর মারতে দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমির মালিক জাকির হোসেন ঘটনার পর থেকেই পলাতক। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।