কুমিল্লায় আটক আরও ২৫২, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ২ হাজার ৫৯৮
ছবিঃ সংগৃহীত
কুমিল্লায় কয়েক দিনের অভিযানে মোট আটকের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৯৮ জন। কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে সর্বশেষ আরও ২৫২ জনকে আটক করা হয়েছে।
জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত।
অভিযানের বিষয়টি শুক্রবার সকালে নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অভিযানটি যৌথভাবে পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি)।
যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়; এতে অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সর্বশেষ অভিযানে যাদের আটক করা হয়েছে, অপরাধে তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে থাকে, সে লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগে কয়েক দিনের অভিযানে বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করা হয়; তাদের মধ্যে ‘র’, ‘ক্রাইম সেটআপ’, ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘গ্যাং-১২০৭’ ও ‘চঢ ১০’সহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের নয়জন কথিত মূলহোতাও রয়েছেন।
জেলা পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে এক হাজার ৭১৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আর বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ৬৩৩ জনের বিরুদ্ধে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান চলতে থাকবে।