আল্লাহভীরুদের জন্য দুটি উদ্যান: সুরা আর-রহমানের আয়াত থেকে শিক্ষা
ছবিঃ সংগৃহীত
আয়াতের অর্থ
আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য আছে দুটি উদ্যান। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয়ই বহু শাখা-পল্লববিশিষ্ট।
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় উদ্যানে আছে প্রবহমান দুই প্রস্রবণ।…সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তরবিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হবে নিকটবর্তী। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা : আর-রহমান, আয়াত : ৪৬-৫৫)
পরকালে আল্লাহভীরুরা যে পুরস্কার পাবেন, এই আয়াতগুলোতে তারই বর্ণনা এসেছে।
শিক্ষা ও বিধান
১. পুরস্কারের আশায় নেক কাজ করা এবং আল্লাহর শাস্তির ভয়ে পাপ পরিহার করা, এটাই আল্লাহভীতির মূলকথা।
২. আল্লাহভীরুদের পরকালে দুটি জান্নাত বা উদ্যান দেওয়া হবে : নেক কাজের বিনিময়ে একটি, আর অন্যটি তাদের পাপ পরিহারের বিনিময়ে।
৩. যে জান্নাত আল্লাহভীরুদের দেওয়া হবে, তা সজ্জিত থাকবে বিচিত্র ফলমূল ও নিয়ামত দিয়ে। তাদের নিয়ামতও হবে দ্বিগুণ।
৪. জান্নাতে জান্নাতিদের আসন সিংহাসনের সদৃশ হবে, আর তা তৈরি হবে উন্নত ও কোমল রেশম দিয়ে।
৫. ফল বাগানে জান্নাতিদের আসন এমনভাবে স্থাপন করা হবে যে চাইলে তারা বসেও তা আহার করতে পারবে, আবার চাইলে দাঁড়িয়েও আহার করতে পারবে। (তাফসিরে সাদি, পৃষ্ঠা ৪৬-৫৫)