মা ইলিশ রক্ষায় চাঁদপুরে নৌবাহিনীর অভিযান, পোড়ানো হলো প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনী চাঁদপুরে অভিযান চালিয়ে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২২টি অন্যান্য জাল জব্দ করেছে। মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় রবিবার জেলার বিভিন্ন নদীর মোহনা ও খালে এ অভিযান পরিচালিত হয়। জব্দ হওয়া জালের বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
নৌবাহিনী সূত্র জানায়, অভিযান চালানো হয় চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লাঘাট, চাঁদপুর মোহনা, গাজীরটেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন স্থানে। জব্দ করা জাল পরে বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়; সে সময় স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ মাছ ধরা বন্ধ এবং মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে নৌবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। যারা নিষেধাজ্ঞা অমান্য করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত তদারকি চলছে।
উল্লেখ্য, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সারাদেশে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে গত ৮ অক্টোবর থেকে, যা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ।