বগুড়া স্টেশনের কাউন্টারে ৩০ টাকা আর চিরকুট: বিনা টিকিটে ভ্রমণের ভাড়া শোধ করলেন অনুতপ্ত যাত্রী
ছবিঃ সংগৃহীত
বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা এবং হাতে লেখা একটি চিরকুট রেখে গেছেন মাহী নামের এক যাত্রী। তিনি বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন; পরে অনুতপ্ত হন। ফেরার সময় টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে তিনি ভোলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এ উদ্যোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
টিকিট কাউন্টারে টাকা ও চিরকুট রেখে যাওয়ার ঘটনাটি ঘটে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায়, বগুড়া রেলস্টেশনে।
মাহী চিরকুটে লিখেছেন, ‘আমি মাহী। গত ৭ সেপ্টেম্বর সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার কারণে টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কেটেছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’
নিজের নামটুকু ছাড়া আর কোনো পরিচয় চিরকুটে উল্লেখ করেননি মাহী। সে কারণে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, এ ধরনের সচেতনতার জন্য যাত্রীরা প্রশংসার দাবিদার। তবে ট্রেনে ভ্রমণ করতে হলে হাতে পর্যাপ্ত সময় নিয়ে স্টেশনে আসা উচিত। এভাবে টাকা ও চিরকুট রেখে যাওয়া ব্যক্তি নিজের পরিচয় জানালে তাঁকে ধন্যবাদ জানানো যেত বলেও মন্তব্য করেন তিনি।
স্টেশনমাস্টার আরও বলেন, রেলওয়ে সরকারি সম্পদ, তাই এর রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় সবার সচেতনভাবে এগিয়ে আসা উচিত।