পুলিশের আশ্বাসে অবরোধ তুললেন অটোরিকশা চালকরা, মোহাম্মদপুর-বসিলা সড়ক দেড় ঘণ্টা পর সচল
ছবিঃ সংগৃহীত
মোহাম্মদপুর-বসিলা সড়কে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবার যান চলাচল শুরু হয়েছে। পুলিশ চালকদের দাবি-দাওয়ার বিষয়ে আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন। অবরোধ প্রত্যাহারের পর ওই সড়কে এখন যানবাহন চলছে ধীরগতিতে।
অটোরিকশা চালকরা সড়ক থেকে অবরোধ তুলে নেন রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টায়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা সড়ক বন্ধ করে অবরোধ শুরু করেছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং তাঁরা যেসব দাবি তুলেছেন, তা নিয়ে আলোচনা হয়েছে। চালকেরা মেইন রোডের কথা বলেছিলেন; জবাবে পুলিশ বলেছে, যে সড়কে তাঁদের অনুমোদন আছে, সেখানেই চলতে হবে। তিনি বলেন, চালকদের বোঝানো হয়েছে এবং তাঁরা বুঝতে পেরে অবরোধ তুলে নিয়েছেন।